যুগের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতে অবস্থান করছেন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
ওবায়দুল কাদের এর বর্তমান অবস্থা
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করার পরপরই তাকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরো পড়ুন: বাংলাদেশের যুবকদের জন্য AI স্মার্ট সিম: সস্তা দাম, বিশাল ডেটা সুবিধা ও কোথায় পাওয়া যাবে?
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে তাকে একটি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তার বর্তমান অবস্থান এবং চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত বছরের জুন মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেই জানান, তিনি তখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবং ভারতের কলকাতায় অবস্থান করছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর প্রায় তিন মাস তিনি আত্মগোপনে ছিলেন এবং একাধিকবার বাসা পরিবর্তন করেন। পরে ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছাড়েন।
আরো পড়ুন: আইওটি ডাটা সিম কী? জানুন সুবিধা, ব্যবহার ও কখন বাজারে আসছে!
উল্লেখ্য, ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি দলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে তার পরিবার বা ঘনিষ্ঠ মহল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।











